Published : 08 Jan 2026, 09:46 AM
মাদারীপুরের রাজৈরে বেপরোয়া বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আহত হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজের ঢালে রোড ডিভাইডারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন আল রশিদ জানিয়েছেন।
নিহত ১৯ বছর বয়সী ওসমান হাওলাদার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে।
সে টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাছের আড়ৎ সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
আহত ১৬ বছর বয়সী হাসিবুল হোসেন রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মাদ্রাসা থেকে এক জনের মোটরসাইকেল নিয়ে ওসমান ও তার বন্ধু হাসিবুল বেড়াতে বের হয়। পরে টেকেরহাট বন্দর এলাকা থেকে রাজৈর উপজেলা শহরের দিকে রওনা হয় তারা।
পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি গুঁড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়।
ওসি মামুন আল রশিদ বলেন, ওসমানের মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের কাছে তা হস্তান্তর করা হবে।