২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রেবাস সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

“মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 11:21 AM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক ও মাইক্রেবাসের সংঘর্ষে দুই ছেলেসহ এক দম্পতির প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

সোমবার ভোররাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন জানান।

নিহতরা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) এবং তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, “ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

“পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।”

আহত চালককে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।