হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ওই দুই শ্রমিক নির্মাণাধীন ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নেমেছিলেন বলে জানায় ফায়ার সার্ভিস।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) এবং বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণ করছিলেন। নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরের সাটারিং খোলার জন্য নিচে নামেন ওই দুই শ্রমিক।
এ সময় বিষাক্ত গ্যাসে দুইজন অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে ট্যাংকের ভেতরেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টায় দুজনের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ওই দুই শ্রমিক সাটারিং খোলার জন্য নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন। সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।
