Published : 26 Mar 2026, 09:20 PM
স্বাধীনতা দিবস উপলক্ষে বরগুনায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলে ছাত্রলীগের সাবেক নেতা মো. ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদ নেতৃত্ব দেন।
তবে পুলিশের দাবি, মিছিলটি দুই-তিন দিন আগের; ২৬ মার্চ উপলক্ষে ফেইসবুকে আপলোড করা হয়েছে।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রায় ১৯ মাস পর জেলা শহরে ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেলো।
ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক মেসেঞ্জারে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে স্মরণ করতে এ মিছিল করেছেন তারা।
ছাত্রলীগের সাবেক নেতা তানিম হোয়াটসঅ্যাপে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থে তাকে ফিরিয়ে আনার বিষয়ে ছাত্রলীগ বদ্ধপরিকর।”
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, “আমাদের এখানের লোকাল এমপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি প্রশাসনের উদাসীনতা। এখনো প্রশাসনের মধ্যে আওয়ামীপন্থি লোক আছে, বিধায় ছাত্রলীগ এমন কর্মকাণ্ড করার সাহস পায়।
“এর পেছনে প্রশাসনের কারসাজি আছে, অথবা তাদের গোপন সহযোগিতা রয়েছে; না হলে একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে। এটা দলীয়ভাবে দেখতে পারি, তাতে বিষয়টি অন্যভাবে যাবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখব।”
বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন, “ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটি এ বছরের, তবে আজকের নয়। দুই তিন দিন আগের।
“ভিডিও ২৬ মার্চ উপলক্ষে ফেইসবুকে আপলোড করা হয়েছে। ছাত্রলীগের এ ধরনের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।”