১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বসত বাড়িতে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

“প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:06 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ফরিদপুর সদর উপজেলায় বসত বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক কিশোরের প্রাণ গেছে।

নিহতের পরিবার দাবি করেছেন, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামের বাড়িতে রোববার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ১৬ বছর বয়সী তামিম মিয়া ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছে, রাতে হঠাৎ করে রাফিকের বসত ঘরে আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। এ সময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন।

স্থানীয় লোকজন দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তাদের দুটি ইউনিট সোয়া ১১টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত তামিমের চাচা শওকত মিয়া বলেন, “প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে।

“কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে এ ঘটনায় থানায় জিডিও করেছি।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

“এছাড়া আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ ও নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।”

পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানিয়েছেন।