১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে সংঘর্ষ: ছাত্রদলের ২ জনকে অব্যাহতি

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাব ও প্রাথমিক সদস্য নাফিউল ইসলাম।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 01:39 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় এক নেতাসহ দুইজনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে শনিবার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাব এবং প্রাথমিক সদস্য নাফিউল ইসলাম। 

রুতাবকে তার সাংগঠনিক পদ থেকে এবং নাফিউলকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

একই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার অভিযোগ তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদ। 

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 

কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য জরুরি নির্দেশনাও দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্র হোস্টেলে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে গুরুতর আহত এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। 

এর জের ধরেই ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদ

ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে সংঘর্ষ: ক্লাস-পরীক্ষা স্থগিত, তদন্তে কমিটি

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২