১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’

আলটিমেটাম শেষ হলেও উপাচার্য না পেয়ে শিক্ষার্থীরা সোমবার ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির ডাক দেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 06:28 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে নগরীর প্রবেশমুখ মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা।

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মডার্ন মোড়ে গিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।

এতে ওই মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। মডার্ন মোড় থেকে পার্কের মোড় ও দমদমা সেতু পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে ১-২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট বাঁধে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন বক্তব্য দেওয়ার পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। 

এর আগে ৪৮ ঘণ্টার ও গত ৬ সেপ্টেম্বর থেকে ৫ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ব্শ্বিবিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আলটিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। 

আলটিমেটাম শেষ হলেও উপাচার্য না পেয়ে শিক্ষার্থীরা সোমবার ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির ডাক দেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়ন বলেন, “প্রথম শহীদ আবু সাঈদ যেখান থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ। সেখানে আগের মতই বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ হয়নি।” 

তাই বাধ্য হয়ে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির পালন করছেন তারা। সেইসঙ্গে তারা দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি জানান।