১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

এতে প্রায় সাত লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি ঘের মালিকের।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক খামারির ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় সাত লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি ঘের মালিকের।

সোমবার ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ চৌধুরী।

ঘের মালিক সুজন বলেন, রোববার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। ভোরে পানিতে মৃত মাছ ভেসে ওঠে। এতে রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা গেছে। পরিকল্পিতভাবে কেউ ঘেরে বিষ প্রয়োগ করা করেছে বলে দাবি তার।

তিনি বলেন, “ঘেরে মাছ চাষই আমার একমাত্র উপার্জনের মাধ্যম। এ ঘের দিয়েই আমার সংসার চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ওসি ফিরোজ চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।