২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চবি, বাকৃবিতে হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল নিয়ে ফটকে এসে সমবেত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 09:47 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল নিয়ে ফটকে এসে সমবেত হয়। 

মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘চবিতে-বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘সন্ত্রাসী/আওয়ামী লীগের বিরুদ্ধে’, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘জ্বলে উঠো বাংলাদেশ/ষড়যন্ত্র হয়নি শেষ’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কী করে’ স্লোগান দেয়।

মশাল মিছিল শেষে সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমাদের স্বদেশ ভাল নেই, ক্যাম্পাস ভাল নেই। যাদের রক্তের উপর আজকের এ বাংলাদেশ, তাদেরকে রক্তাক্ত রেখে, প্রশাসন কিভাবে নাক ডেকে ঘুমায়। প্রশাসনকে এটার জবাব দিতে হবে।”

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, “জুলাইয়ের সময় সৈনিকের ভূমিকা পালন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো। যাদের হাত ধরে ইন্টেরিম সরকার ক্ষমতায় এসেছে, তারাই আজ সে জুলাইয়ের বিপ্লব ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যদি ইন্টরিম ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গড়তে হবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের আহমেদ জুয়েল বলেন, “আমাদের জুলাইয়ের শহীদ ভাইয়েরা যদি দেখত আমরা রাতের ১০টায় দাঁড়িয়ে সংগ্রাম করছি, তাহলে তারা তাদের উৎসর্গ করা প্রাণ নিয়ে কী আক্ষেপ করতো। এসব দেখে দিল্লি থেকে হাসিনা হাসে।”