Published : 17 Oct 2025, 11:58 AM
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব এক নারীকে ডাকাতরা শ্বাসরোধে হত্যা করেছে।
উপজেলার তালোড়া বাজার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৬৭ বছর বয়সী বিমলা পোদ্দার ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের দাবি, গভীর রাতে ৪ থেকে ৫ জন টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে।
ডাকাতরা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে। এ সময় বিমলা তাদের বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধে হত্যা করে এবং নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ওসি ফরিদুল বলেন, “নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
“তাদের কেউ বিবাহিত নয়, এবং দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ।”
ঘটনার সময় ওই বাসা থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।