কুড়িগ্রামে ডাম্প ট্রাকের চাপায় নিহত ২
ঘটনাস্থলেই অটোরিকশার চালক; হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন।
রোববার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান।
নিহতরা হলেন- ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা অটোরিকশা চালক বাহার উদ্দিন বানু (৩০) ও যাত্রী আতিকা (১৫)।
আহতরা হলেন- আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা।
স্থানীয়রা বলছেন, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ওসি আল হেলাল মাহমুদ জানান।
