Published : 03 Aug 2026, 08:27 PM
কুমিল্লা শহরে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রাইম হাসপাতাল এবং ডেল্টা হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া এভারগ্রিন হাসপাতাল এবং মিশন হাসপাতালের ল্যাব বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সোমবার শহরের বিভিন্ন এলাকায় চালানো এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম ও ওসমান হোসেন জাবির।
অভিযানে চারটি হাসপাতালের নিবন্ধন, পরীক্ষা-নিরীক্ষার আবেদন ও অনুমোদন পত্র, রোগী থাকার কক্ষ, প্যাথলজি, অপারেশন থিয়েটারসহ সব সেবা যাচা করা হয়। পরে চারটি হাসপাতালের বিষয়ে ব্যবস্থা নেন মেডিকেল দল।
মেডিকেল কর্মকর্তা ওসমান হোসেন জাবির বলেন, নগরের রেসকোর্স এলাকায় প্রাইম হাসপাতালটি অনুমোদন ব্যতীত ঠিকানা পরিবর্তন করেছে এবং ডেল্টা হাসপাতাল তাদের নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। পরে হাসপাতাল দুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া মিশন হাসপাতাল ও এভারগ্রিন হাসপাতালের ল্যাবে অননুমোদিত পরীক্ষা-নিরীক্ষা করানোর প্রমাণ মেলায় তাদের ল্যাব দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা মেডিকেল টিমের জারি করা আদেশ মান্য করবেন।
আরেক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আমরা চাই হাসপাতালগুলোতে কর্তব্যরত চিকিৎসকরা সহযোগিতা করবেন। আমাদের অভিযান কোনো চিকিৎসকের বিরুদ্ধে নয়, আমাদের অভিযান প্রতিষ্ঠান পরিচালনার অনিয়ম ও পদ্ধতির বিরুদ্ধে।
“চিকিৎসকদের উচিত যেকোনো প্রতিষ্ঠানে প্র্যাকটিস করার আগে সে প্রতিষ্ঠানের সব ধরনের বৈধতা আছে কি-না তা যাচাই করে সেখানে যাওয়া। এতে স্বাস্থ্য বিভাগ সব ক্লিনিক ও হাসপাতালগুলোতে শতভাগ আইন মানাতে পারবে।”