১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ গুলিবিদ্ধ ৪

চিকিৎসক জানান, পুলিশ সদস্যসহ চারজনের শরীরে ছড়রা গুলি পাওয়া গেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

নরসিংদীর সদর উপজেলায় ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ চারজন গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলিপুর লাকার এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।

গুলিবিদ্ধরা হলেন- সদর মডেল থানায় কর্মরত এএসআই জয় বণিক (৩১), ওই এলাকার সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।

স্থানীয়দের বরাতে ওসি তানভীর বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আলিপুর এলাকার ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

“মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়ালে দুপক্ষের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে।”

তিনি বলেন, “এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এএসআই জয়সহ দুপক্ষের চারজন গুলিবিদ্ধ এবং একজন আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে; জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবীর বাশার বলেন, পুলিশ সদস্যসহ চারজনকে গুলিবিদ্ধ ও একজনকে পায়ে আঘাত পাওয়া অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরে ছড়রা গুলি পাওয়া গেছে। গুলিবিদ্ধরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল থেকে চলে গেছেন।”