কুয়াকাটা সাগরে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে
কুয়াকাটা এলাকায় তবল মাছ ট্রেভ্যালি নামেও পরিচিত। স্থানীয়ভাবে একে তবলি, বগা বা খাঁদিয়া নামেও ডাকা হয়।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার গভীর সমুদ্রে এফবি সালমা করিম ট্রলারে ধরা পড়া মাছটি পরে মহিপুর মৎস্য বন্দরে এনে নিলামে বিক্রি করা হয় বলে জানান ব্যবসায়ী আবদুর রহিম খান।
তিনি বলেন, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব বেশি ধরা পড়ে না। তাই মাছটি বন্দরে আনার পর এটি দেখতে মানুষের ভিড় জমে।
আবদুর রহিম খান বলেন, স্থানীয় ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ৬৬৬ টাকা।
রুবেল ঘরামী বলেন, কুয়াকাটা এলাকায় তবল মাছ ট্রেভ্যালি নামেও পরিচিত। স্থানীয়ভাবে এটি তবলি, বগা বা খাঁদিয়া নামেও ডাকা হয়। সুস্বাদু ও কম কাঁটাযুক্ত হওয়ায় এ মাছের চাহিদা রয়েছে।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ ধরনের মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ বেশি ধরা পড়লে জেলেরা লাভবান হতে পারেন।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। বঙ্গোপসাগরে এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়া ইতিবাচক বিষয়।
