১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ‘ধর্ষণ’: বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

পাহাড়ের যত ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তার একটিও সঠিক বিচার হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ‘ধর্ষণ’: বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ-পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন।

শুক্রবার সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আগের স্থানে গিয়ে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা বলেন, “পাহাড়ি নারীরা নিজের ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হওয়া যেন নিত্যনৈমিত্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে।”

পাহাড়ের যতগুলো ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তার একটিও সঠিক বিচার হয়নি বলে অভিযোগ হিল উইমেন্স ফেডারেশনের এই নেতার।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা বলেন, “পট পরিবর্তনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শাসন শোষণ নিপীড়ন বন্ধ হবে, চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে পাহাড়ের মানুষ আশা করেছিল। 

“কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। চুক্তি বাস্তবায়ন হচ্ছে না বলে পাহাড়ে ধর্ষণ, গুম, হত্যার ঘটনা ঘটে চলেছে।” 

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটির জেলার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা এবং বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জৈসাইনুং মারমাসহ অনেকেই।

এ সময় বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

এর আগে ২৭ জুন অষ্টম শ্রেণির ওই কিশোরী ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার হয়। তবে বুধবার রাতে ঘটনাটি জানতে পারে তার পরিবার। এরপর রাতেই ওই কিশোরীর বাবা থানায় মামলা করেন। মামলা পরপর রাতেই ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ত্রিপুরা কিশোরীকে 'ধর্ষণ': খাগড়াছড়িতে দিনভর বিক্ষোভ

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে 'সংঘবদ্ধ ধর্ষণ', ৪ আসামি গ্রেপ্তার