Published : 15 Jul 2025, 12:43 PM
মহাসড়কে পণ্যবাহী কভার্ড ভ্যান আটক করে টাকা নেওয়ার প্রতিবেদন প্রচারের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এসপি খাইরুল আলম।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান, এএসআই বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।
রোববার বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ৩ জুলাই একটি কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী কভার্ড ভ্যান সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে খাটিহাতা এলাকায় আটক করেন মহাসড়কে কর্তব্যরত টহল পুলিশের সদস্যরা। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন।
পরে তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হলে এএসআই টাকা ফেরত দেন। কিন্তু সে টাকা নিয়ে থানায় অভিযোগ করতে গেলেও টালবাহানা করা হয় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।
মঙ্গলবার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মো. সজীব মিয়া বলেন, “একটা অভিযোগের ভিত্তিতে থানার ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল (সোমবার) থেকে আমি দায়িত্ব পালন করছি।”
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি খাইরুল আলম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন।
তদন্ত প্রতিবেদন পেলে অপরাধের মাত্রা অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।