Published : 18 Apr 2026, 12:15 PM
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন।
নিহত মোছা. আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে শিশুটির মরদেহ পাওয়া যায়।
শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, “দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহটি দেখতে পাই।“
স্থানীয়দের ধারণা, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।