১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ‘আদিবাসী’ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 08:15 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকরির দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন হয়েছে।  

আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিংয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি সন্তোস সিং বাবু, সহসভাপতি যুগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, শেরপুর উপজেলার সভাপতি স্বপন সিং, সাধারণ সম্পাদক শ্রী হিরালাল সিং, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর উপজেলার উপদেষ্টা মো. রাশেদুল ইসলাম রাশেদ, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন হক, ধুনট উপজেলার আদিবাসী নেতা পূর্ণ চন্দ্র রায় বাগদী, সুবধন চন্দ্র সরকার, আদিবাসী ছাত্র পরিষদের জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি উত্তম কুমার সিং, উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বিপ্লব কুমার মাহাতো, সহসভাপতি সোহাগ কুমার।

বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সব দিক থেকে পিছিয়ে আছে। শেরপুরে তুরি, মাহাতো, বাগদী, সাঁওতাল, ভূমিজ, তেলী, বর্মণ, কোচ, মুসহর, গঞ্জুসহ  প্রায় ১৫টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। কিন্তু নিজস্ব সংস্কৃতি পরিচর্যা করার জন্য এখানে কোনো ‘আদিবাসী কালচারাল একাডেমি’ নেই।