Published : 05 May 2026, 03:43 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার অভিযোগে ফাতিমা-তুজ-জাহরা আবাসিক হলের এক শিক্ষার্থীর আসন বাতিল করেছে প্রশাসন।
সোমবার রাতে ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
হলের আসন বাতিল হওয়া শিক্ষার্থী রাজিয়া পারভীন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হলের ১০৪ নম্বর কক্ষের নোশিন তাবাসসুম নিহা এবং ১০৭ নম্বর কক্ষের রাজিয়া পারভীনের অভিযোগের ভিত্তিতে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়। ঘটনার তদন্ত ও প্রমাণ সাপেক্ষে রাজিয়া পারভীনের আসন ফাতিমা তুজ জাহরা হল থেকে বাতিল করা হয়।
আগামী ৬ মে-এর মধ্যে রাজিয়া পারভীনকে হল ত্যাগের জন্য নির্দেশ দেয় হল প্রশাসন। একইসঙ্গে ৭ মে থেকে তিনি কোনোভাবেই হলে অবস্থান করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সোমবার সকালে রাজিয়া পারভীনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে সুষ্ঠু বিচারের দাবিতে হল প্রশাসনের কাছে ওই হলের ৮০ শিক্ষার্থী স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ফাতেমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ ইসমত আরার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে ফাতিমা তুজ জাহরা হলের সহকারী প্রাধ্যক্ষ হোসনে আরা চৌধুরী বলেন, “রাজীয়া পারভীনের বিরুদ্ধে হলের ৮০ শিক্ষার্থী গণস্বাক্ষর দিয়েছেন। পরে আমরা বিষয়টি তদন্ত করি। সবার বক্তব্য শুনেছি। পরে তথ্য ও প্রমাণের ভিত্তিতে রাজীয়া পারভীনের হলের আসন বাতিল করা হয়।”
অভিযোগের বিষয়ে জানতে রাজীয়া পারভীনকে মোবাইল ফোনে কল করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।