১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

তাদের দাবি প্রার্থী পরিবর্তন করে এ দ্বীপের মানুষের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেয়ার।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের সমর্থকরা। 

পরে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে পথসভায় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পথসভায় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ‘জনগণের মনোভাব’ বিবেচনার অনুরোধ করে বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়া দ্বীপের সাড়ে সাত লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করে এ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করে এ দ্বীপের মানুষের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিবেন। যাকে সবাই মেনে নিয়ে বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে এ আসন উপহার দিবে।”

দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত জাতীয় সংসদের এই আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

এর আগে শনিবার সন্ধ্যায় মাহবুবের রহমান শামীমের কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছিল হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের কর্মীদের। 

তাতে অন্তত ১০ জন আহত হয়েছিল। প্রকৌশলী ফজলুল আজিমও এই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন।