১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষির।

লালমনিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জের পণ্ডিতপাড়া এলাকায় ইয়াকুব আলীর পুকুরে মাছ মরে ভেসে উঠেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষির।

সোমবার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় ইয়াকুব আলীর মালিকানাধীন মাছের খামারে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

ভুক্তভোগী ইয়াকুব আলী বলেন, “সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুর পাড়ে বিষাক্ত ট্যাবলেট পাওয়া গেছে।

“কে বা কারা শত্রুতাবশত আমার পুকুরে বিষ দিয়েছে। কয়েক বছর ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল, হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে।”

ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে ইয়াকুরের ছোট ভাই ইজ্জত আলী বলেন, “আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ করেছি।”

স্থানীয় বাসিন্দা ফজলুর হক বলেন, ইয়াকুব মাছ চাষ করে পরিবার চালান। এভাবে মাছ নিধন অমানবিক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, ইয়াকুব আলী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ভবিষ্যতে তাকে প্রণোদনা বা অন্যান্য সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।

ওসি সেলিম মালিক বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এর আগেও কালীগঞ্জে মাছ বা ফসলের ক্ষেত নষ্ট করার উদ্দেশে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।