ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
বিজিবির কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় ভোরেই বিএসএফের কাছে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি।”
প্রথমবারের মতো ময়মনসিংহের দুই উপজেলার সীমান্ত দিয়ে ২২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১২ জন নারী, দুই শিশু ও আট জন পুরুষ।
সোমবার রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া এলাকার সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ ১২ জনকে পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। অপরদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও ৯ নারীকে পুশইনের পর আটক করে বিজিবি।
আটকদের দাবি, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। পরে গুজরাটে গিয়ে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে গত ২৪ মে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ।
এরপর আটকে রেখে বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। এমনকি, তাদের কাছ থেকে মোবাইল, আইডি কার্ড, আধার কার্ডসহ যাবতীয় মালামাল রেখে দেয়। পরে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় ভোরেই বিএসএফের কাছে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
