২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘ভাব তরঙ্গ’: বাউল আব্দুল করিমের গানে মুখরিত ময়মনসিংহের জয়নুল উদ্যান

ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই গানের আসর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 12:28 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

অপসংস্কৃতি মাড়িয়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে প্রতি মাসেই অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।  

ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই গানের আসর। 

তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় ‘ভাব তরঙ্গের’ করিম পর্ব। সেখানে শিল্পীরা বাউল সাধক শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো পরিবেশন করেন।

‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ মূলমন্ত্রে উজ্জ্বীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এই আয়োজনের উদ্যোক্তা।

মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজাত কোমল দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই বাউল গানের আসরটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’ এর যাত্রা শুরু হয়। এরপর ১৪ অগাস্ট অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এই পর্বে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা। 

এবার অনুষ্ঠিত হলো ‘ভাব তরঙ্গের’ তৃতীয় পর্ব ‘করিম পর্ব’। এই পর্বে বাউল সাধক শাহ আব্দুল করিমের বিভিন্ন ঘরনার গান পরিবেশন করেন।

এই আসরটি এর মধ্যেই সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান ইমতিয়াজ আহমেদ।

বাউল সাধক জালাল শাহ্ চিশতি, জ্যেষ্ঠ বাউল শিল্পী আব্দুল জব্বার, বাউল স্বদেশ তালুকদার, বাউল মো. শহীদুল ইসলাম, বাউল মো. আব্দুল হাফিজ, বাউল মো. সিরাজ মণ্ডল, বাউল বিল্লাল ফকির। 

শাহ আব্দুল করিম রচিত অসাম্প্রদায়িক ভাবনার গান ‘তুমিও মানুষ আমিও মানুষ, সবাই এক মায়ের সন্তান’ গানটি দিয়ে বাউলশিল্পীরা তাদের পরিবেশনা শুরু করেন। তারপর শিল্পীরা একে একে গেয়ে শুনান ‘মুর্শিদ ধন হে’, ‘গাড়ি চলে না, চলে না’, ‘আমি কুলহারা কলঙ্কিনি গান’সহ বিভিন্ন জনপ্রিয় গান। 

অনুষ্ঠানে হারমোনিয়ামে বাউল মো. শহীদুল ইসলাম ও স্বদেশ সরকার, ঢোলে আলমগীর হোসেন রানা এবং মন্দিরায় বিল্লাল হোসেন, তবলায় সৈয়দ আরমান হোসেন ইমনের যুগলবন্দি সুরের এক মোহময় পরিবেশ সৃষ্টি করে। প্রতিটি গানের শেষে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।