১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে বন্ধ দোকানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ব্যবসায়ী

ঈদের আগে মার্কেটের ভেতর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সিরাজগঞ্জে বন্ধ দোকানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ব্যবসায়ী
ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 03:42 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

সিরাজগঞ্জ শহরে একটি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। ঈদের আগে মার্কেটের ভেতর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

বুধবার সকালে পৌর সুপার মার্কেটের ‘মেসার্স শীতল ফ্যাসানে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম।

আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম (৩৫) মেসার্স শীতল ফ্যাসানের মালিক এবং শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

পৌর নিউ মার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে আজিম বাড়ি থেকে দোকানে আসেন। তখন মার্কেটের অন্য দোকানপাট তেমন খোলা ছিল না। 

“কিছুক্ষণ পর আজিমের দোকানের শাটার বন্ধ থাকা অবস্থায় নিচ দিয়ে রক্ত দেখেন মার্কেটে আসা লোকজন। এরপর দোকানে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়।”

সানোয়ার হোসেন বলেন, “আজিমের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। কে বা কারা তাকে হত্যাচেষ্টা করে দোকানের ভিতর রেখে বাইরে থেকে শাটার বন্ধ করে দেয়। তবে কী কারণে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে তা বলতে পারব না।”

ওসি রাকিবুল ইসলাম বলেন, উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ছাড়া এ ঘটনার কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।