১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বজ্রপাতে খেলার মাঠে তরুণ ক্রিকেটারের মৃত্যু

গোপালগঞ্জ আবহানী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে এসেছিলেন তিনি।

গোপালগঞ্জে বজ্রপাতে খেলার মাঠে তরুণ ক্রিকেটারের মৃত্যু

খেলা চলাকালে বজ্রপাতে তামজিদ আহমেদ নামে এই তরুণের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2023, 05:39 PM

Updated : 31 May 2023, 05:39 PM

গোপালগঞ্জে  ক্রিকেট খেলা চলাকালে বজ্রপাতে‌ এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফ্রেন্ড স্পোর্টস একাডেমির অধিনায়ক আবু তাহের সেতু।

নিহত ক্রিকেটারের নাম তামজিদ আহমেদ (১৯)। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে।

দুপুরে স্টেডিয়ামটিতে গোপালগঞ্জের আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। তামজিদ ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলছিলেন।

আবু তাহের সেতু বলেন, দুপুর দেড়টার দিকে আকাশে সামান্য মেঘ ছিল। তামজিদ আহমেদ ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের পরিহিত জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ জানান, বজ্রপাতেই তানজিম আহমেদের মৃত্যু হয়েছে।

আবু তাহের সেতু আরো জানান, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়েছিলেন তানজিম। গোপালগঞ্জ আবহানী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে এসেছিলেন তিনি।