Published : 31 Aug 2026, 08:27 PM
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গরু কেনার সময় এক লাখ টাকা জাল নোট দেওয়ার মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন।
দণ্ড পাওয়া শামীম হোসেন (৩৫) উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এলাকার বাসিন্দা।
মামলা থেকে জানা গেছে, ২০২০ সালে উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে গরু ক্রয়ের পর মূল্য পরিশোধ করার সময় এক লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ।
পিপি টোটন বলেন, এ ঘটনায় পরে শামীমের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে এসআই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।
১১ জনে সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা; যা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।