১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যু, ট্রাকে অগ্নিসংযোগ

কারখানায় ডিউটি শেষে চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন শেফালী খাতুন।

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যু, ট্রাকে অগ্নিসংযোগ
গাজীপুরের কালিয়াকৈরে নারীর মৃত্যুর পর ট্রাকটি পুড়িয়ে দেয় স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 10:26 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাটি বোঝাই ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক। 

এদিকে ঘটনার পর ট্রাকটিতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

বুধবার রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।

নিহত শেফালী খাতুন (২১) উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী । তিনি স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

গুরুতর আহত সাব্বির মণ্ডল (৩৫) নিহত শেফালীর চাচা। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, কারখানায় ডিউটি শেষে চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন শেফালী খাতুন। পথে মাটিবোঝাই ড্রাম ট্রাকটি পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাব্বির মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, এসময় বিক্ষুদ্ধ স্থানীয়রা মাটিবোঝাই ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। তবে ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।