Published : 08 Jun 2026, 06:18 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সল্লা এলাকার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানিয়েছেন।
নিহতদের মধ্যে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তারের (২৮) পরিচয় জানা গেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্বামী সুজনের সঙ্গে মুক্তা আক্তার রেললাইন পার হচ্ছিলেন। সুজনের কোলে বাচ্চা থাকায় তিনি কিছুটা পিছনে ছিলেন। মুক্তা কোনোদিকে খেয়াল না করেই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। তখন ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
এ ছাড়া একই এলাকায় রেললাইন থেকে একটু দূরে ঘাসের ঝোপ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্যকোথাও হত্যা করে ওই নারীকে এখানে এনে ফেলে রাখা হয়েছে।
এএসআই এনামুল মোল্লা বলেন, দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা হচ্ছে।