Published : 10 Oct 2025, 04:37 PM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানিয়েছেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ চলে।
এতে অন্তত দশ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ওসি খাইরুল আলম বলেন, “দুপক্ষের সংঘর্ষে দশ জন আহত হয়েছেন। তবে দুপক্ষের যারা জড়িত তাদের কারো নাম জানি না। অভিযোগ দিলে নাম ঠিকানা জানা যাবে, তখন বলতে পারবো।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।