১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়িতে ‘হামলাচেষ্টা’, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এ ঘটনায় আটক ২০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের গাড়ি ঘিরে একদল লোক হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার রাতে তুরাগ নদের তীরের হাজী মাজার বস্তিতে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান।

সোমবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

ওসি মো. আরিফুর রহমান বলেন, “গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানার যৌথ অভিযানে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। আটকদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু লোক সেখানে জড়ো হন। 

“এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুলিশের নিরাপত্তার জন্য চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।”

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় টঙ্গী বাজারের পশ্চিম অংশ ও সেনাকল্যাণ ভবনের আশপাশের কিছু দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়।

ওসি আরিফুর বলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। 

সোমবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, জিএমপি কমিশনারের নির্দেশে মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে।