খাগড়াছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক
ওই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে পাশের এক বাড়িতে নিয়ে যায়।
খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয় বলে পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুর শিশুটি নিজেদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় ওই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে পাশের এক বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
পরে শিশুটি বাড়িতে ফিরে গোসল করার সময় তার মাকে পেটে ব্যথার কথা জানায়। ব্যথার কারণ জানতে চাইলে সঙ্গে থাকা অপর এক শিশু জানায় কিশোর শিশুটির সঙ্গে খারাপ আচরণ করেছে।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা কাজ থেকে বাড়ি ফিরলে তাকে ঘটনাটি জানানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে পানছড়ি থানায় মৌখিক অভিযোগ করা হয়।
এ বিষয়ে পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাটি আমলে নিয়ে অভিযান চালিয়ে কিশোরকে আটক করে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য পরিবারকে বলা হয়েছে।
" এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। তবে মামলা না করলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে " বলেন ওসি।
