Published : 03 May 2026, 06:20 PM
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মায়ের সামনে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চরজব্বর থানার ওসি লুৎফর রহমান জানিয়েছেন।
নিহত আট বছর বয়সী মো. ইয়ামিন সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছেন, বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন ইয়ামিন ও তার মা বকুল আক্তার। পরিষ্কার বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল মা ও মেয়ে।
এ সময় মাইজদী থেকে চেয়ারম্যান ঘাটগামী দ্রুতগতির একটি ডাম্প ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায় এবং ইয়ামিনকে চাপা দেয়।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।