সড়কের অভাবে চালু হচ্ছে না হাওরের ফায়ার সার্ভিস স্টেশন
নেত্রকোণার খালিয়াজুরী হাওরে ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে স্টেশনটির কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওর এলাকার বাসিন্দাদের দুর্যোগ মোকাবিলায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি এক বছরেও। ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে স্টেশনটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাওরাঞ্চলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড, নৌ-দুর্ঘটনাসহ সড়ক দুর্ঘটনা থেকে মানুষের প্রাণ রক্ষা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুত ফায়ার স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন হাওরবাসী।
নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, সব সরঞ্জামা প্রস্তুত আছে। ২০০ মিটার রাস্তা পাকা করা হলেই সেবা দেওয়া সম্ভব হবে।
ফায়ার স্টেশনটিতে যেতে কাঁচা সড়ক থাকলেও, সেটি দ্রুত পাকা করার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
জানা গেছে, ২০২০ সালে ১০ সেপ্টেম্বর কলমাকান্দা হাওরে গোমাই নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ১২ জন প্রাণ হারাণ। এতে নিখোঁজ হয়েছিল আরও ১০ জন। পরে তাদেরকে বিভিন্নভাবে উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় হাওড়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, হাওয়ার এলাকায় ফায়ার স্টেশন থাকলে এতো হতাহতের ঘটনা ঘটত না। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দার হাওরজুড়ে বাসিন্দাদের কান্নার শেষ নেই। তাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ফায়ার স্টেশন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নেত্রকোণার হাওরাঞ্চলে পাঁচ বছরে ১২টি নৌ-দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকাণ্ড, আটটি সড়ক ও ২৯টি অন্য দুর্ঘটনাসহ মোট ৩৬০টি দুর্যোগে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে চার কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকা।
তিনি বলেন, এ অবস্থায় তিন বছর আগে খালিয়াজুরী উপজেলা সদরে তিন কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে হাওরাঞ্চল উপযোগী ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। এক বছর হয় নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু চালু করা সম্ভব হয়নি।
স্টেশনটি থেকে বের হতে ২০০ মিটার রাস্তা পাকাকরণের অভাবে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হচ্ছে না বলে ভাষ্য ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।
খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের বাসিন্দা মো. হাবিবুল্লাহ বলেন, জনবল থাকার পরও এখনও ফায়ার স্টেশনটির চালু হয় নাই। এলাকায় অগ্নিকাণ্ড বা নৌকাডুবির ঘটনা ঘটলে জনগণ অসহায় হয়ে পড়েন।
“মূলত স্টেশন থেকে প্রধান সড়কে যেতে মাত্র ২০০ মিটার সংযোগসড়ক পাকাকরণের অভাবে এটি চালু হচ্ছে না বলে শুনেছি। এ ছাড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষেরও গাফিলতি রয়েছে।”
স্টেশনটি যেহেতু হাওর উপযোগী তাই চলতি বর্ষায় তাদের সেবা দেওয়ার সমস্যা থাকার কথা না বলে জানান হাবিবুল্লাহ।
ফায়ার স্টেশনটি দ্রুত চালুর দবি জানিয়ে স্থানীয় বাসিন্দা সোহান আহমেদ বলেন, “নেত্রকোণার ৪০৮ বর্গ কিলোমিটারের হাওরাঞ্চলে সাত লাখেরও বেশি মানুষের বসবাস। তাদের সেবা দিতে ফায়ার স্টেশনটি নির্মাণ হলেও চালু হচ্ছে না।
“স্টেশনে লোকবল থাকার পরেও আমরা এর সুফল পাচ্ছি না। স্টেশনটি পড়ে থাকায় অবকাঠামোসহ যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ ছাড়া রাতে হলে ভবনটিতে অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। আমরা যাতে ফায়ার স্টেশনের সুফল পাই, সেজন্য দ্রুত চালুর দাবি জানাচ্ছি।”
হাওর উপযোগী সেবা প্রদানের সব সরঞ্জাম ফায়ার স্টেশনটিতে রয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এখান থেকে স্থলের পাশাপাশি বর্ষাকালে পানিতেও কাজ করা যাবে। এখানে স্পিড বোট থাকবে। ডুবুরি আছে, ফায়ার ফাইটার আছে। কাজ শেষ হওয়ার প্রায় এক বছর ধরে স্টেশনটি পড়ে আছে। জনবল এবং গাড়ি পাম্পসহ সবকিছু চলে এসেছে।
“সংযোগ সড়ক না থাকায় স্টেশনটি চালু করতে পারতেছি না। জেলা প্রশাসনের মাধ্যমে একটা রাস্তা করা হয়েছে। কিন্তু এটি কাঁচা। আমাদের গাড়িগুলো কাঁচা রাস্তায় চলতে পারে না। রাস্তাটি পাকা হয়ে গেলে স্টেশনটি চালু করতে পারব।”
রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কার্যালয় নির্মাণ করা প্রতিষ্ঠানটি ভবন হস্তান্তরের কথা বলেছে। ফায়ার সার্ভিসকে ভবনটি গ্রহণ করার জন্য বলা হয়েছে। তবে তাদের একটা বক্তব্য, কার্যালয়ে যেতে রাস্তার একটা সমস্যা আছে।
তিনি বলেন, “বিষয়টি শোনার পর সেখানে যাতায়াতে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে দিয়েছি। এখন তারা রাস্তাটি পাকা করে চেয়েছেন। গণপূর্ত বিভাগ কার্যালয়টি নির্মাণ করেছে। তারা বলছে, পরবর্তীতে একটা প্রকল্প করে রাস্তাটি পাকা করে দেওয়া হবে।”
ফায়ার সার্ভিসকে স্টেশনটি গ্রহণের করে কার্যক্রম শুরুর করতে বলা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “কিছু অসুবিধাতো থাকেই। সব সুবিধা সবসময় হয় না। সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। চলতি অর্থবছরে একটা প্রকল্প নিয়ে তাদের যত অসুবিধা আছে তা সমাধান করা হবে।”
