Published : 22 Jan 2026, 08:12 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে শোভাযাত্রা করেছেন মারমা সম্প্রদায়ের মানুষজন।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে মারমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
পরে শাপলা চত্বরে ধানের শীষের পথসভায় বক্তব্য দেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ সময় তিনি খাগড়াছড়ি জেলার উন্নয়নের কাজ করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এ জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে, মারমা সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে। বিশেষত যারা পিছিয়ে রয়েছে, তাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
এ ছাড়া প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করার কথা বলেছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
পথসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার এবং যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।