Published : 18 Mar 2026, 05:37 PM
ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ধারণক্ষমতার চেয়ে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় চরম সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী।
বুধবার এ নৌরুট পারাপারের জন্য ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে।

এ দিন বেলা সাড়ে ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর আগে বেলা ৩টা থেকে এ ঘাটে যাত্রী বাড়তে থাকে।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার ফারুক হোসেন বলেন, “গার্মেন্টস ছুটি হওয়ায় বিকালে চাপ বেড়েছে। যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি। যাত্রীরা জোর করেই লঞ্চে উঠছে।”
মাগুরাগামী বাবু খান বলেন, তিনি ধামরাই উপজেলার শ্রীরামপুরে একটি পোশাক করখানায় চাকরি করেন। বুধবার দুপুরের পরে কারখানা ছুটি দেওয়ায় বাড়ি ফিরছেন।

তিনি বলেন, “পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম একা যাবো ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই।”
সাকিব হোসেন বলে, “নবীনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি না হলেও ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পরেছি। যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।”
পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, “ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজকে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে বিকেলে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে।”