Published : 30 Mar 2026, 11:42 AM
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নয় দোকান।
রোববার রাত ১১টার দিকে ‘হক মার্কেটে’ লাগা আগুন রাত ৩টার পর নিয়ন্ত্রণে আসে বলে সুনামগঞ্জ ২৮-বিজিবির অধিনায়ক লেট্যানেন্ট কর্নেল জাকারিয়া কাদির জানিয়েছেন।
আগুনে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাফিক পয়েন্টের সিটি ফার্মেসি লাগোয়া ‘পপুলার ইলেকট্রনিক্স’ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেটটিতে বেশিরভাগই জুতার দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানিরা অনেকে বাইরে বেরিয়ে যেতে পারলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সম্মিলিত চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

লেফট্যানেন্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, “আমরা সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হই। রাত ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে নয়টি দোকান পুড়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।”
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা বিজিবির এ কর্মকর্তার।
বিক্রমপুর শু স্টোরের মালিক সাজ্জাদ হোসেন বলেন, “দোকান লাগিয়ে কেবল বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখনই খবর পাই আগুন লেগেছে।
“এসে দেখি আমাদের দোকানসহ অন্তত সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তিনি বলেন, “আগুন কিভাবে লাগছে, কোথা থেকে লাগলো কিছু জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছে।”
পপুলার ইলেকট্রনিক্স এর মালিক পারভেজ আহমদ বলেন, “আমি দোকান লাগিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই আগুন লেগেছে বলে খবর পাই।
“পরে এসে দেখি, আমার দোকান দাউ দাউ করে জ্বলছে। আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব নয়।”
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, “বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কেটটি পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মালামাল ও স্থাপনা ছাই হয়ে গেছে। আমরা আগুনের সূত্রপাত ও কারণ খুজে বের করার চেষ্টা করছি।”