Published : 20 Nov 2025, 05:49 PM
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া ফজলুর রহমানের মনোনয়ন বাতিলসহ বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ফজলুর রহমানের সমালোচনা করে এ আসনে বিএনপি থেকে অপর মনোনয়নপ্রত্যাশী সাবেক যুগ্ম সচিব আব্দুর রহিম মোল্লা বলেন, “উনার অন্তরে শহীদ জিয়ার আদর্শ স্থান পায় নাই। কারণ, বেগম খালেদা জিয়াকে যেদিন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল, সেদিন ফজলুর রহমান প্রতিবাদ করে টু শব্দটি করেন নাই।
“কিন্তু ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ফাঁসির রায় ঘোষণা হওয়া মাত্র ফজলুর রহমান বলেছেন, ‘এই ট্রাইব্যুনালের রায় বিচারের নামে প্রহসন।’ এ কথা বলার মাধ্যমে তিনি শেখ হাসিনার বিচারকে প্রশ্নবিদ্ধ করেছেন।”
এসব ঘটনায় ফজলুর রহমানের মনোনয়ন বাতিলসহ তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাবেক এ সচিব
তিনি বলেন, “ফজলুর রহমান নিয়মিত আমাকেসহ আমার কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দলের সুনাম ক্ষুণ্ন হবে। সেইসঙ্গে পতিত শেখ হাসিনার আদর্শ ও স্বৈরতন্ত্র পুনর্বাসিত হবে।”
মানববন্ধনে ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, ইটনা উপজেলার সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, যুবদল নেতা আবেদ খান, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ সোবহানী, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি তামিম আহমেদ সোহাগ এবং অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ রেজা চৌধুরী বক্তব্য দেন।