২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় সড়কে ঝরল ২ সহোদরের প্রাণ

তাদের দুই মামাসহ তিনজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 12:54 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার থাকা দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় তাদের দুই মামা ছাড়াও আহত হয়েছে আরেক ব্যক্তি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে আকাশ (২৫) ও আরিফ (২১)। আহতরা হলেন তাদের মামা হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।

প্রত্যক্ষদর্শীর বরাতে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আকাশ।

ওসি শফিকুল জানান, ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেলে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশের ছোট ভাই আরিফ। আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।