১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ‘ছেলের কোদালের কোপে’ বাবা খুন

“ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 01:12 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। 

উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে ওসি রাকিবুল ইসলাম জানান।

নিহত ৬৫ বছর বয়সী মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে ফারুক মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ।  

স্থানীয়রা বলছেন, বিকাল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে ভোরে শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তার ছেলেকে আটক করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।