Published : 24 Mar 2026, 01:21 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাউলগানের একটি আসরে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেছে একদল ব্যক্তি।
রোববার রাতে শ্রীপুর গ্রামের ইব্রাহিম শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ওই গানের আসরে হামলার একটি ভিডিও সোমবার সকাল থেকে ফেইসবুকে ছড়িয়ে পড়লে জানাজানি হয়।
মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি মাজারের ভেতরে নয়। মাজারের মূল ভেন্যুর বাইরে গ্রামের পাশে তৈরি করা একটি মঞ্চে গান-বাজনা হচ্ছিল। তাদের তিনদিন ব্যাপী অনুষ্ঠান ছিল।”
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “রোববার রাতে স্পিকারে বেশি শব্দে গান বাজানোর কারণে স্থানীয় মানুষের ঘুমে ব্যাঘাত হচ্ছিল; এ কারণে তারা এসে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।”
আয়োজকরা বলছে, প্রায় ১০০ বছর ধরে ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর হয়ে আসছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন।
এরই ধারাবাহিকতায় আয়োজিত এবারের তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার রাতে হঠাৎ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে আসর পণ্ড করে দেয়।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে মঞ্চে থাকা বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙে ফেলে তারা। এ ছাড়া দর্শনার্থীদের বসার জন্য রাখা চেয়ারও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়োজক ও মাজার ভক্তরা আচমকা এই হামলায় ভয় পেয়ে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান। এতে অনুষ্ঠান সম্পূর্ণভাবে পণ্ড হয়ে যায়। ভাঙচুর চালানোর পর হামলাকারীরা আবার মিছিল নিয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যায়।
ঘটনার পর মাজারের খাদেম দুদু মিয়া সাংবাদিকদের বলেন, “প্রায় ১০০ বছর ধরে মাজারকে ঘিরে ওরস অনুষ্ঠান হয়ে আসছে। এতে প্রতি বছরই সিলেটের বিভিন্ন এলাকার ভক্তরা আসেন। রোববার রাতে হঠাৎ এক ব্যক্তি তার সাঙ্গপাঙ্গ ও আত্মীয়-স্বজন নিয়ে এসে গানের আসরে হামলা চালান।”
তিনি বলেন, “হামলাকারীরা আগে কোনো অভিযোগ না জানিয়ে হঠাৎ আক্রমণ চালায়। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তারা পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে মাজারের ভক্তদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে।”
ওসি মাহবুবুর রহমান বলছেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। ফলে কোনো পক্ষই মামলা করেনি।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।