সিলেটে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতকে
রোববার বেলা ১২টা ১৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল চার।
রোববার বেলা ১২টা ১৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। মৃদু এই ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
এর আগে ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টা ১১মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ মাইল দূরে ভারতের আসামে।
এছাড়া গত ৫ মার্চ সকালেও সিলেটে ভূমিকম্প হয়। সে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা, উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।
তারও আগে ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
