১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকে বই পেলেও মাধ্যমিকে সংকট

নারায়ণগঞ্জে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 10:38 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার সব শ্রেণির বই চাহিদা অনুযায়ী পাওয়া গেলেও মাধ্যমিকের কয়েকটি বিষয় ছাড়া বাকি বই এখনো পাওয়া যায়নি। 

এর মধ্যে সপ্তম ও অষ্টম শ্রেণির কোনও বই জেলায় পৌঁছায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।

ফলে বৃহস্পতিবার বছরের প্রথম দিনে মাধ্যমিকের সব শিক্ষার্থী নতুন বই হাতে পায়নি বলে জানান তিনি।

এ ছাড়া দাখিলের ষষ্ঠ শ্রেণির কোনো বই জেলায় পৌঁছায়নি বলে জানান এ শিক্ষা কর্মকর্তা। ইংরেজি মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কোনো বইও পৌঁছায়নি।

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বলেন, “নবম শ্রেণির সব পেলেও ষষ্ঠ শ্রেণির কেবল বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের বই পেয়েছি। কিন্তু সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই-ই পাইনি।

“আমরা চাহিদাপত্র দিয়ে রেখেছি। আশা করছি, আমাদের হাতে অতিসত্বর বই চলে আসবে। বই যা পেয়েছি তা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।”

নাম গোপন রাখা শর্তে সদর উপজেলার কমর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র বলে, “সকাল ১০টায় আমি স্কুলে চলে আসি। কিন্তু এসে শুনি আমাদের কোনো সাবজেক্টের বই নাকি আসেনি। পুরো জেলাজুড়েই নাকি বই আসেনি।”

নতুন বই না পাওয়ায় এ শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গণে বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

তবে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্নি আক্তার মেহেরিমা।

“বছরের প্রথম দিনে স্কুলে এসে নতুন বই হাতে পেলে খুবই আনন্দ লাগে। আমি এই আনন্দ পেতেই প্রথম দিন স্কুলে আসি”, বলে অর্নি। 

প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই সব বই হাতে পেয়েছে। তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের কারণে বই উৎসবের উদযাপন করা না হলেও শিশুরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন বলেন, “আমাদের শিশুরা সবাই নতুন বই পেয়েছে। রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই উৎসবের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়নি। কিন্তু প্রতিটি ক্লাসে বই বিতরণের সময় শিশুরা খুবই আনন্দিত ছিল।”

শিশু শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌঁছে দিতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এ শিক্ষিকা।