Published : 16 Jun 2025, 01:48 AM
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় ৯ জনের নাম দিয়ে এবং পরিচয় না দিয়ে আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ।
তবে তিনি ৯ আসামির নাম প্রকাশ করতে চাননি।
তিনি বলেন, সরকারি কাজে বাধা, গাড়ি আটকিয়ে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে জাফলংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর আটকে শ্রমিক বিক্ষোভ হয়।
জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় শ্রমিকসহ আরও কিছু লোকজন। তারা জাফলংসহ সিলেটের পাথরকোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন, বিক্ষোভ করেন এবং উপদেষ্টাদের উদ্দেশে ভুয়া-ভুয়া স্লোগান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে উপদেষ্টাদের গাড়ি আটকে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের কয়েকজন স্থানীয় নেতাকে বিক্ষোভ করতে দেখা যায়।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা ও আজকে বহিষ্কৃত হওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, "বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, তাদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।"
পরে রোববার দলের পক্ষ থেকে এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়।
একই ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ: যুবদল নেতা বহিষ্কার