১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণ মামলায় কৃষক কারাগারে

মামলায় বলা হয়েছে, তিনি খাবারের লোভ দেখিয়ে শিশুদের নিজের ঘরে নিয়ে যেতেন এবং একেক দিন একেক শিশুকে ধর্ষণ করতেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 03:39 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

পঞ্চগড়ের বোদা উপজেলায় খাবারের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সি দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওঠেছে ৪৫ বছর বয়সি এক কৃষকের বিরুদ্ধে।

সোমবার রাতে শিশু দুটির পরিবারের অভিযোগের পর তাকে আটক করে বোদা থানা পুলিশ। পরে রাতেই শিশু দুটির বাবা আলাদা ধর্ষণের মামলা করেন।

ওই দুই মামলায় কৃষক আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোদা থানার ওসি মো. সোয়েল রানা।

মামলার বরাতে পুলিশ জানায়, আমিনুল ইসলাম শিশু দুটির প্রতিবেশী। শিশুরা তাকে ‘দাদু’ বলে ডাকত। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তিনি বিস্কুট ও অন্যান্য খাবারের লোভ দেখিয়ে শিশু দুটিকে বিভিন্ন সময়ে আলাদাভাবে নিজের ঘরে ডেকে নিতেন। সেখানে তাদের ধর্ষণ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে শিশুদের ভয়ভীতি দেখানো হতো বলেও মামলায় বলা হয়েছে।

পুলিশের ভাষ্য, সর্বশেষ শুক্রবার ও শনিবার ছয় বছর বয়সী এক শিশুকে এবং রোববার পাঁচ বছর বয়সী অন্য শিশুকে একই কৌশলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে শিশু দুটির কান্নাকাটি, অসুস্থতা ও অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা জানায়। তারা জানায়, এর আগেও তাদের সঙ্গে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে।

দুই শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাছুদ হাসান বলেন, “শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে।”

ওসি মো. সোয়েল রানা বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”