১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

“টাওয়ার থেকে তার চুরি হওয়ার তথ্য পাওয়া গেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

গাজীপুর নগরে একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান জানান।

নিহত ৬৫ বছর বয়সী মীর আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে তার ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন।

ওসি খালিদ হাসান বলেন, “কে বা কারা নিরাপত্তা কর্মীকে একটি মাফলার দিয়ে হাত-পা বেঁধে ও স্কচটেপে নাক-মুখ আটকে হত্যার পর ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে।

“টাওয়ার থেকে তার চুরি হওয়ার তথ্য পাওয়া গেছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

কে বা কারা কী উদ্দেশ্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।