১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

২০১৩ সালে ওই মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে শাহিন।

শেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:25 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দণ্ডিত মো. শাহিন (৩৯) উপজেলার বনকুড়া গ্রামের বাসিন্দা। 

মামলার নথি থেকে জানা যায়, শাহিন অনেকদিন ধরে এক ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে ধরেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ২০১৩ সালের ৩০ জুন সকাল ১০টার দিকে ওই ছাত্রী মাদ্রাসা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। 

উপজেলার কাচিমৌ গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শাহিন পূর্ব পরিকল্পিতভাবে হাবি মিয়ার সহযোগিতায় ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

মাদ্রাসা ছুটির সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না আসায় ওই কিশোরীর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অপহরণের বিষয়টি জানতে পারেন। 

পরবর্তীতে কিশোরীর দাদী মোছা. রহিতন নেছা বাদী হয়ে ৩ জুলাই নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার এসআই খোকন চন্দ্র সরকার গাজীপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। পরে ওই কিশোরী জানায়, শাহিন তাকে গাজীপুর জেলার কোনো এক এলাকায় একটি ভাড়া বাসায় রেখে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছেন। 

তদন্ত শেষে শাহিন ও হাবি মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। 

২০২১ সালের ১ ফেব্রুয়ারি শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান বিগত আসামি শাহিনের অনুপস্থিতিতে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 

অন্যদিকে, ধর্ষণ মামলায় শাহিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে। 

বিজ্ঞপ্তিতে আব্দুর রাজ্জাক বলেন, এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি পর আসামি শাহিন ১০ বছর আত্মগোপনে ছিলেন। 

“বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি এবং সিপিসি-২, কিশোরগঞ্জ কোম্পানির যৌথ অভিযানিক দল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।” 

শাহিনকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।