Published : 06 Nov 2025, 05:08 PM
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠার পর এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত রাহাত হাসান কাইয়ুম নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা শাখার অধীনস্থ নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।”
এর আগে বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ওঠে রাহাত ও তার সহযোগী ফজলুর বিরুদ্ধে। ওই ঘটনায় রাতে কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় মামলা করেন।
মামলায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও ফজলুকে (৩২) আসামি করা হয়।
শেরপুরে কৃষি কর্মকর্তাকে 'থাপ্পড়-মারধর': ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা