Published : 27 Oct 2022, 11:14 AM
কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী শিবিরে ঘুম থেকে তুলে নিয়ে আরও দুই রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাত সাড়ে ৩টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৪ এপিবিএনের অধিনায়ক মো. হারুন-উর-রশীদ চৌধুরী জানান।
নিহতরা হলেন-বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং একই ব্লকের মোহাম্মদ কাসিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০)।
এর আগে মঙ্গলবার গভীর রাতে বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে জসীম উদ্দিনকে (২৫) একইভাবে ঘুম থেকে তুলে নিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের বরাতে এপিবিএন অধিনায়ক হারুন-উর-রশীদ বলেন, বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সাব-ব্লক-৭৬ এ নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন আয়াত উল্লাহ ও মোহাম্মদ।
গভীর রাতে একদল দুষ্কৃতকারী ঘরের দরজা ভেঙে দুজনকে তুলে নিয়ে যায়। পরে গলির মধ্যে তাদের দুজনকে গুলি করে ফেলে রেখে যায়।
অধিনায়ক জানান, এতে ঘটনাস্থলেই মোহাম্মদ ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আয়াত উল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায় জানিয়ে হারুন-উর-রশীদ চৌধুরী বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুজন মাঝি ও এক শিশুসহ মোট সাত রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: