১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে ‘বাধা’, ইউপি সদস্য আটক

প্রচারে বাধার বিষয়ে আইনানুগ ব্যবস্থার জন্য আবেদন করেছেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম।

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে ‘বাধা’, ইউপি সদস্য আটক

ইউপি সদস্য জাকির হোসেন হিরু।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 08:31 PM

Updated : 20 Dec 2023, 08:39 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রতীকপত্র বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান।

আটক জাকির হোসেন হিরু (৩৫) উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

এ বিষয়ে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে আমার সমর্থকরা উপজেলার রতনদিয়া বাজারে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউপি সদস্য হিরু আমার কর্মী-সমর্থকদের কাছ থেকে লিফলেট কেড়ে নেন।

“পরে কালুখালী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।”

তিনি আরও বলেন, “রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্বাচনি প্রচারে বাধা প্রদানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।”

সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য হিরুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ চলছে; পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণের পর বিস্তারিত জানানো হবে বলে জানান সহকারী পুলিশ সুপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

“লিফলেট বিতরণে বাধা দেওয়ায় অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।”

তাকে নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে জানান ইউএনও।