Published : 08 Oct 2024, 11:35 PM
নাটোরের সিংড়ায় মদনডাঙ্গা নদীর দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের দ্বন্দ্বের মধ্যে ‘দখলকারী’ সন্দেহে মারধরে আহত হয়েছেন দুজন। ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।
মঙ্গলবার দুপুরে সিংড়ার ঢাকঢোর বাজারে এই মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মো. আসমাউল হক।
আহত মুকুল (৪০) নলডাঙ্গার রায়সিংহনাকিপুর এলাকার প্রয়াত মো. চানের ছেলে এবং অপর আহত শহিদুল (৩২) মুকুলের আত্মীয় ।
স্থানীয়রা জানান, আত্রাই নদীর শাখা মদনডাঙ্গা নদীটির অবস্থান নাটোরের নলডাঙ্গা উপজেলায়। তবে সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সেটি ভোগদখল করে আসছিল সিংড়ার ঢাকঢোর গ্রামের বাসিন্দরা। স্থানীয় একটি মাদ্রাসার নামে প্রায় দুই যুগ ধরে ঢাকঢোর গ্রামের বাসিন্দারা নদীটির মাছ ধরা ও বিক্রি করত।
কিন্তু গত শুক্রবার নলডাঙ্গার মদনডাঙ্গা গ্রামের মৎস্যজীবিরা মৎস্য অভয়াশ্রম ঘোষণা করে নদীর ভেতরে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। নদীটিকে উন্মুক্ত রাখারও দাবি জানান তারা। এরপর থেকেই দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা যায়।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার দুপুরে নাটোর সদর এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল কয়েকজন ঢাকঢোর বাজারে এলে তাদেরকে ‘নদী দখলকারী’ বলে স্থানীয়রা মারধর শুরু করেন। তাদের পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি নদ-নদী, খাল-বিল দখল ও বিক্রয়ের কোনো সুযোগ নেই।
ওসি আসমাউল হক বলেন, মাছ শিকার নিয়ে দুই গ্রামে কিছু রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে। আগে একদলের লোকেদের নিয়ন্ত্রণে ছিল এখন অন্যরা দখল নিতে চাচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পাঁচটি ভাঙচুর করা পরিত্যাক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।